স্মার্টফোনের জন্য বিশেষায়িত এআই চিপ আনছে কোয়ালকম
জেনারেটিভ এআই কাজকে আরও শক্তিশালী করতে ল্যাপটপের জন্য আনা চিপকে মোবাইল চিপ হিসেবে তৈরি করতে কাজ করছে কোয়ালকম। স্যান ডিয়েগোভিত্তিক কোম্পানিটির বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।
খবরে বলা হয়, বিশ্বব্যাপী মোবাইল ফোন চিপের সবচেয়ে বড় বিক্রেতা কোয়ালকম। নিজেদের ব্যবসায়কে সম্প্রসারিত করতে ২০২১ সালে অ্যাপলের কয়েকজন ইঞ্জিনিয়ারকে নিয়োগ দেয় কোম্পানিটি। ল্যাপটপ চিপ ডিজাইনে তাদেরকে নিয়োজিত করা হয়। তাদের তৈরি শক্তিশালী এআইনির্ভর চিপ মাইক্রোসফটের উইন্ডোজভিত্তিক ল্যাপটপে ব্যবহারের জন্য চলতি বছরে বিক্রি শুরু হয়।
এখন ওই টিমটিই তাদের তৈরি প্রযুক্তিকে ‘অরিওন’ ব্র্যান্ডিংয়ে প্রথমবারের মতো নিজেদের মোবাইল ফোন চিপে রূপান্তরে কাজ করছে।
চিপের যন্ত্রাংশ নিয়েও পুনরায় কাজ শুরু করেছে কোয়ালকম, স্ন্যাপড্রাগন ৮ এলিট নামের চিপটি ছবি ও টেক্সট জেনারেশনের জন্য কাজ করতে পারে।
কোয়ালকম জানিয়েছে, তাদের এই নতুন চিপ স্যামসাং ইলেকট্রনিক্স, আসুসটেক কম্পিউটার ও শাওমির মতো আরও কিছু ব্র্যান্ড ব্যবহার করার জন্য চুক্তি করেছে।
ডিবিটেক/বিএমটি







